Watcher 2022 movie review

Watcher 2022 movie review

Watcher 2022
Genre: American psychological thriller
Director: Chloe Okuno

নতুন বাসায় উঠে খেয়াল করলেন সামনের ফ্ল‍্যাটের জানলা দিয়ে কেউ আপনার দিকে দিনরাত তাকিয়ে আছে! কেমন অস্বস্তি তাই না!


স্পয়লার নেই

জুলিয়া হাসবেন্ডের চাকরির সুবাদে প্রথমবার রোমানিয়ায় এসেছে। ইংলিশ ভাষাভাষির মেয়ে জুলিয়া নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে রীতিমতো হিমশিম খাচ্ছে। তার উপর ভাষাগত সমস‍্যা তো রয়েছেই। রোমানিয়ান ভাষার র টাও জানে না সে। এবং ওখানকার কেউই ইংলিশে কথা বলতে আগ্রহী থাকা তো দূরের কথা; বলতেও পারে না ঠিকঠাক মত। বেচারি জুলিয়া একা একাই ফ্ল‍্যাটে পড়ে থাকে। এসময় সে খেয়াল করে সামনের বাসা থেকে কেউ একজন তাকে দেখছে। দেখছে মানে সারাক্ষণই দেখছে। যখনই সে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে সে তাকিয়ে আছে। কি আশ্চর্য তাই না! এর উপর আবার নেইবারহুডে সিরিয়াল কিলারের উপদ্রব শোনা যাচ্ছে। নতুন পরিবেশ, ভাষাগত সমস‍্যা, স্বামীর ব‍্যস্ততা,একাকিত্ব আর অজানা শংকা সব মিলিয়ে জুলিয়ার মনে আতঙ্ক তৈরী করছে তা কি আসলেই ভ্রম না কি এর থেকেও বেশি কিছু! 


দেখতে দেখতে বার বারই ফিরে যাচ্ছিলাম পোলানস্কির এপার্টমেন্ট ট্রিলজিতে। মুভিটা বিশেষ করে 'রিপালশন' মনে করিয়েছে বারবার। একটা সেন্স অব ইনসিকিউরিটি কাজ করেছে পুরোটা সময়। সাসপেন্স ধরে রেখেছিল একদম শেষ পর্যন্ত। গল্পের পেসিংটাও ছিল চমৎকার। সমান তালে চলে ইনটেন্স হয়েছে শেষে গিয়ে। 


 প্রোটাগনিস্টের অভিনয় এত সুন্দর ছিল যে কখন যে দর্শক হিসেবে আপনি কাহিনীর সাথে একাত্ম হয়েছেন বুঝতেই পারবেন না। মনে হবে আপনি নিজেই এক্সপেরিয়েন্স করছেন এই কঠিন সময়। কেউ গোপনে ফলো করছে ভাবনাটাই অসহ‍্য হয়ে উঠবে একসময়। মুক্তির পথ খুঁজবেন জুলিয়ারই মত। দর্শক মনে এই ধরনের আতঙ্ক বিল্ডআপ করতে পারাই কিন্তু মুভির সার্থকতা। মুভিতে কয়েকটি দৃশ‍্যধারণ করেছে খুব সুন্দর করে। কালার গ্রেডিংটাও বেশ এলিগেন্ট ছিল। সাউন্ড ডিজাইনও ভালো ছিল। 


ভয় আর আতঙ্ক নিয়ে করা কাজ। তার মধ‍্যে যুক্ত হয়েছে একাকিত্ব। ব‍্যস জমে ক্ষির একদম। টেনশন ডেলিভার করেছে ঠিকমত। নার্ভ নিয়ে খেলেছে পুরোটা সময়। সত‍্যি বলতে এধরনের মুভি আগেও হয়েছে এখনও হচ্ছে। কিন্তু এ মুভিটা অভিনয় কিংবা স্টোরিটেলিং যেটার জন‍্যেই দেখেননা কেন; শেষ করে তৃপ্তির ঢেকুর আপনি তুলবেন ফর সিওর।